সর্বশেষ সংবাদ :

লালপুরে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে গুলি বর্ষণ

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নাগশোষা গ্রামে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে গোলাম কিবরিয়া ওরফে কাজল নামের এক যুবককে মারপিট ও এলাকায় আতংক ছড়াতে ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ব্যবহৃত এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের মাদক ব্যবসায়ী মনি সরদার একই গ্রামের গোলাম কিবরিয়া কাজলের কাছে মাদক বিক্রির পাওনা টাকা চায়। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এঘটনার জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে। স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার রিভলবার দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা কাজলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি ধরনের আস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: April 19, 2025 | সময়: 2:44 am | সুমন শেখ