সর্বশেষ সংবাদ :

চীনা নাগরিকরা মাতলেন নববর্ষ উৎসবে দেখলেন বাঙালির ঐতিহ্যের সংস্কৃতি

সাইফুল ইসলাম, গোদাগাড়ী: নারী-পুরুষ মিলিয়ে দলটা বেশ বড়। সবাই চীনের নাগরিক। বাংলা নববর্ষের আয়োজনে সোমবার সকালে গোদাগাড়ী উপজেলা চত্বরে ঘুরছিলেন তাঁরা। নববর্ষের আনন্দ শোভাযাত্রা চলাকালে তাঁদের সঙ্গে কথা হয়। জানা যায়, তাঁরা রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে কাজ করছেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি।
দলটির সঙ্গে ছিলেন রাজশাহী ওয়াসা প্রজেক্টের ডেপুটি ম্যানেজার ইয়াসির আরাফাত। তিনি জানান, চীনের এই কর্মীরা নববর্ষের উৎসব দেখতে বেশ আগ্রহ নিয়ে এসেছেন। সকাল ন’টায় উপজেলা চত্বর থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রা শুরুর আগে থেকেই তাঁরা মেতে ওঠেন উৎসবে। কেউ আদিবাসীদের সঙ্গে নাচছিলেন, কেউ ছবি তুলছিলেন বা ভিডিও করছিলেন। কারও হাতে তালপাতার হাতপাখা, কেউ মেলায় ঘুরছিলেন তাঁদের প্রতিষ্ঠানের স্টলের আশপাশে।
ওয়াসা প্রজেক্টের পরিচালক মি. জু বলেন, ‘এই উৎসব অনেক প্রাণবন্ত। বাংলাদেশের মানুষ খুব বন্ধু প্রতিম ও অতিথিপরায়ণ।’ তিনি জানান, চীনেও নববর্ষ উদ্যাপন করা হয়, তবে সেখানে আতশবাজির ব্যবহার বেশি। দুই দেশের নববর্ষে মানুষের অংশগ্রহণ থাকলেও রীতিনীতিতে পার্থক্য রয়েছে।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, ‘চায়নারা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থেকেই এই আয়োজন দেখতে এসেছেন।’ তিনি জানান, লোকশিল্প, সাংস্কৃতিক চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখাই আনন্দ শোভাযাত্রার লক্ষ্য। প্রতীকী মুখোশ, গ্রামীণ জীবনের অনুষঙ্গ ও বাংলার লোকজ উপকরণে সাজানো হয় এই শোভাযাত্রা।
জানা যায়, চীনের এই নাগরিকেরা গত দুই বছর ধরে রাজশাহীতে কাজ করছেন। শুরু থেকেই বাংলা নববর্ষের প্রতি তাঁদের কৌতুহল ছিল। এবার তাঁরা নিজের চোখে দেখলেন পয়লা বৈশাখের উৎসব।
আনন্দ শোভাযাত্রা চলাকালে দেখা যায়, কেউ আদিবাসীদের সঙ্গে নাচছেন, কেউ তাঁদের ঢাক-ঢোল ও একতারার তালে ভিডিও করছেন। একজন চীনা নাগরিক জানান, এ আয়োজন তাঁদের অভিভূত করেছে। এতে তাঁরা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ধর্ম-বর্ণনির্বিশেষে এই উৎসবের মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। এবার একদল বিদেশিও অংশ নিয়েছেন, যা আমাদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার পথে একধাপ এগিয়ে দিল।’


প্রকাশিত: April 16, 2025 | সময়: 7:03 am | সুমন শেখ