সর্বশেষ সংবাদ :

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি: ক্যাম্পাস সাংবাদিকতার দীপ্ত পথচলা

ইবতিদা ফেরদৌস: সত্য, সাহস আর সৃজনশীলতার যাত্রায় রাজশাহী কলেজের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। ‘সত্যের সন্ধানে’ এই প্রত্যয়ে ২০১২ সালের ৮ এপ্রিল কৃষ্ণচূড়ার ছায়ায় মাত্র ১১ জন তরুণের হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি আজ একটি শক্তিশালী, সুপ্রতিষ্ঠিত এবং আদর্শিক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। সাংবাদিকতা শুধু একটি পেশা নয় এটি একটি দায়িত্বশীল চর্চা, সমাজের প্রতিচ্ছবি নির্মাণের এক নিরলস প্রয়াস এই বিশ্বাস ধারণ করে আরসিআরইউ এগিয়ে চলছে নিরন্তর।
এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে সাংবাদিকতা চর্চার তেমন সুযোগ ছিল না। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগ সৃষ্টি করেনি কেউ। ঠিক সেই প্রেক্ষাপটে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি হয়ে ওঠে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম। এটি শুধু রাজশাহী কলেজেই নয়, সারাদেশে ক্যাম্পাস সাংবাদিকতার একটি মডেল তৈরি করে দেয়। আজ দেশের অনেক কলেজেই অনুপ্রেরণায় গড়ে উঠেছে অনুরূপ সংগঠন, যার পথিকৃৎ বলা চলে এই আরসিআরইউ-কে।
সংগঠনটির সদস্যরা শুরু থেকেই কাজ করে গেছেন সংবাদ সংগ্রহ, প্রতিবেদন রচনা, ফিচার লেখা, বিশ্লেষণ, ফটোগ্রাফি, মোবাইল জার্নালিজমসহ নানা ক্ষেত্রে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বর্তমানে কাজ করছেন বহু সাবেক সদস্য, যারা তাদের হাতেখড়ি পেয়েছেন এই সংগঠনের ছায়াতলে।
আরসিআরইউ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একদিকে যেমন একজন শিক্ষার্থীকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলে, অন্যদিকে তাঁর মধ্যে গড়ে তোলে নেতৃত্ব, যুক্তি, বিশ্লেষণ, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বোধ। সংগঠনটির মাধ্যমে শিক্ষার্থীরা সংবাদ লেখার মৌলিক কৌশল, তথ্য যাচাই, রিপোর্ট তৈরির কলাকৌশল, উপস্থাপনা, অনুসন্ধানী সাংবাদিকতার ভিত্তি—সবকিছুতেই হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করেন।
নিয়মিত কর্মশালা, সেমিনার, র‌্যালি, প্রকাশনা উৎসবসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক সাংবাদিকতার জগৎ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। এসব অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে হয়ে ওঠে অমূল্য সম্পদ।
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি শুধু একজন ছাত্রকে সাংবাদিক করে তোলে না, বরং একজন চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। সময়ের সঙ্গে সংগঠনটি হয়ে উঠেছে নেতৃত্ব ও চিন্তাশক্তির এক প্রশিক্ষণকেন্দ্র, যেখানে যুক্তি, ভাষা ও বাস্তবতা মিলেমিশে তৈরি হয় একজন দায়িত্বশীল কণ্ঠস্বর।
রাজশাহী কলেজের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য, শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি অর্জনে গণমাধ্যমে আরসিআরইউ-র কার্যকর ভূমিকা প্রশংসিত হয়েছে বারবার। কলেজের ঐতিহ্য, অর্জন, সংগ্রাম এবং সম্ভাবনার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার মাধ্যমে সংগঠনটি গড়ে তুলেছে এক ইতিবাচক ভাবমূর্তি।
১৩ বছরের যাত্রায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি হয়ে উঠেছে একটি স্বপ্নের প্রতিষ্ঠান। যারা আজ এই সংগঠনে কলম হাতে পথচলা শুরু করছে, ভবিষ্যতে তারাই হতে পারে কোনো জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশনের নির্ভীক উপস্থাপক কিংবা অনুসন্ধানী সাংবাদিক। তাদের হাতে তৈরি হবে ভবিষ্যতের গণমাধ্যমের আস্থা ও বিশ্বাস।
আরসিআরইউ কোনো সাধারণ সংগঠন নয়, এটি একটি চেতনার নাম, একটি আন্দোলনের নাম। এই প্ল্যাটফর্মে সাংবাদিকতার নৈতিকতা ও দক্ষতা মিশে গেছে ছাত্রজীবনের প্রাণস্পন্দনে। সময়ের আবর্তে এই সংগঠনের চারপাশে গড়ে উঠুক একটি পূর্ণাঙ্গ সাংবাদিকতা ইনস্টিটিউট এই প্রত্যাশাই সকলের।
সত্যের পক্ষে কলম ধরতে শেখায় যে সংগঠন, সমাজের পাশে দাঁড়াতে শেখায় যে ছায়া, নেতৃত্বের উষ্ণতা আর সাহসের পাঠশালা হিসেবে গড়ে তোলে নতুন প্রজন্মকে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি সেই দীপ্ত প্রতিজ্ঞার নাম।


প্রকাশিত: April 8, 2025 | সময়: 4:55 am | সুমন শেখ