, , ।
স্টাফ রিপোর্টার: সকালে সূর্য উঠার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের প্রখরতা। দুপুরে যেন সূর্য আগুন ঝরাচ্ছিল প্রকৃতিতে। কাজের জন্য মাঠে থাকা প্রাণগুলো যেন ক্লান্ত হয়ে উঠেছিল। রাস্তায় চলাচল করা মানুষের সংখ্যাও তুলনামুলক কমে গিয়েছিল। রিকশা ও অটোরিকশা চলাচলও কম ছিল। মাঝে মাঝে আকাশে মেঘের গুমটভাবে গরমের মাত্রাটা আরো বেশি যেন বাড়িয়ে দিচ্ছিল। রাজশাহীসহ দেশের সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রবিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী মঙ্গল ও বুধবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ি. রাজশাহীতে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপপ্রবাহে শুধু মানুষ নয়, সমস্ত প্রাণিকুলের যেন হাঁসফাঁস অবস্থা।
নগরীর ভদ্রা এলাকার রিকশা চালক সোহেল রানা বলেন, সকাল থেকে গরম বেশ। সকালে কিছুক্ষণ রিকশা চালানো গিয়েছিল। কিন্তু দুপুরে টানা এক ঘন্টা রোদে থাকা যাচ্ছে না। মাথা ঘুরছে। তাছাড়া যাত্রীও কমেছে।
নগরীর নিউ মার্কেট কাঁচা বাজারে প্রয়োজনীয় পণ্য কিনতে আসা আমজাদ হোসেন জানান, গরমে পরিবারের কেউ ঘর থেকে বের হচ্ছে চাচ্ছে না। প্রয়োজনিয় সবজি কিনতে আসতে বের হতে হয়েছে তাকে।
বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরদিন রবিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া আগামী সোমবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গল ও বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।