সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে তাপপ্রবাহে জনজীবনে দুর্ভোগ

আব্দুল বাতেন: রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহের দাপট অব্যাহত রয়েছে। প্রচণ্ড রোদের তাপ ও গরমে জনজীবন ব্যাহত হচ্ছে। ঈদে ঘরে ফেরা মানুষ এবং দিনমজুরদের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে এই তাপপ্রবাহ। প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে তারা দিনের কাজ চালিয়ে যাচ্ছেন।
চলতি বছরে একাধিকবার তাপপ্রবাহের কবলে পড়েছে দেশ। গরমের তীব্রতা বাড়ছে এবং এর প্রভাব বিস্তৃত হচ্ছে বিভিন্ন এলাকায়। বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার ১৩টি জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ শুক্রবার আরও দুই জেলায় ছড়িয়ে পড়ে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, আর রাজশাহীতে তা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর ও রাজশাহীতে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী অফিসের আবহাওয়াবিদ আনোয়ার খাতুন জানান, শনিবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা থেকে আসা রাজমিস্ত্রী মিলন জানান, “ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে বাড়ি যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড গরম, ঢাকাতেও খুব গরম পড়েছে। এতে শ্রমিকদের কষ্ট বেড়েছে।”
রাজশাহী মহানগরির রিকশাচালক আব্দুস সালাম বলেন, “গত কয়েক দিন ধরে প্রচণ্ড রোদ ও গরম পড়ছে। এতে রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে, ভাড়াও কম পাচ্ছি।”
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, তাপপ্রবাহ চলমান থাকবে এবং রোববার কিছুটা কমতে পারে। তবে একেবারে শেষ হয়ে যাবে না। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবারের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী এবং খুলনা বিভাগের আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


প্রকাশিত: March 30, 2025 | সময়: 3:19 am | সুমন শেখ