সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আমবাগানের একটি গাছে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের সন্তানদের অভিযোগের ভিত্তিতে পারিবারিক কলহের জেরে রুলিয়ারা বেগমকে পিটিয়ে হত্যার পর মরদেহ আমগাছে ঝুঁলিয়ে রাখার দায়ে স্বামী কে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর-সাহাপাড়া নুরেশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার নারী উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর-সাহাপড়া নুরেশ মোড় গ্রামের শরিফুল ইসলামের প্রথম স্ত্রী রুলিয়ারা বেগম (৪৪)। নিহত ঐ মহিলা পাঁচ সন্তানের জননী ছিলেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুলিয়ার স্বামী শরিফুল ইসলাম শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি এসে ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী তার ছোট স্ত্রী খীর্ষা বেগমের নিকট রেখে আপেল নিয়ে বড় স্ত্রী রুলিয়ারা বেগমের সঙ্গে দেখা করতে যান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। পরে বাড়ির পাশের একটি আমবাগানে রুলিয়ারার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এদিকে নিহতের সন্তানদের দাবী স্বামী শরিফুল, তার ছোট স্ত্রী খীর্ষা বেগম ও শরিফুলের ভাই রাজ্জাক রুলিয়ারা বেগমকে পিটিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পেছনের একটি আমগাছে ঝুলিয়ে রাখে।
রুলিয়ার বেগমের ছেলে রাহিম, মেয়ে সোনিয়া খাতুন ও রোকিয়া বলেন, তার বাবা, চাচা ও সৎমা সহ কয়েকজন মাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পেছনে গোরস্থান এলাকার আমগাছে ঝুঁলিয়ে দিয়েছে। তারা আরো বলেন, এর আগে তার মাকে তার বাবা নানাভাবে নির্যাতন করতো।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মফিজুল হক বলেন, ওই পরিবারে শরিফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করার পর প্রায় ঝগড়া লেগেই থাকতো। শুনেছি রুলিয়ারা বেগমকে হত্যা করেছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী শরিফুল ইসলাম কে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রুলিয়ারা বেগমের আত্মীয়রা মামলার প্রস্তুতি নিচ্ছে।


প্রকাশিত: March 30, 2025 | সময়: 3:11 am | সুমন শেখ