সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিভিন্ন সংগঠনের দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলা ধূরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়ায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। ধূরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এ্যাড. তোফাজ্জুল হোসেন তপু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক।
দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন বলেছেন, রমজানের শিক্ষা গ্রহণ করে সমাজ থেকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে। সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠিত হলে তবেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এছাড়া দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান নুরুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত সূর্যভাগ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুজ্জামান লিটন। পানানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এ্যাড. ইসাহাক আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। অন্যদের মধ্যে ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্র নেতা নূর আলম, শ্রমিক নেতা হাজি আমজাদ হোসেন, ঝালুকা ইউনিয়ন আমীর আলিউল ইসলাম, জামায়াত নেতা ড. সেলিম রেজা খান, সাবেক ছাত্রনেতা যুবায়ের আহম্মেদ প্রমুখ।
আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলার বড় শিমলা ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় বড় শিমলা মহিলা কলেজ মাঠে হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাসান আলীর সভাপতিত্বে সেক্রেটারী আলমগীর হোসেনেট সঞ্চালনা প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর আসাদুল্লাহ আল গালিব। তিনি বক্তব্যে ইসলামী মূল্যবোধ ও সমাজ সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ইসলামী শিক্ষা ও আদর্শের আলোকে সমাজ গঠন ও সংস্কার করা আমাদের সকলের দায়িত্ব।’ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী তানযীমুল উম্মাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি ইসলামী শিক্ষার প্রসার ও সমাজে এর বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ইসলামী শিক্ষা শুধু ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ নয়, এটি আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করা উচিত।’
এছাড়াও বক্তব্য রাখেন বড় শিমলা গ্রামের বিভিন্ন মসজিদের খতিব মাওলানা এনামুল হক, জনাব আলী, ফিরোজ আহম্মেদ, ইসমাইল হোসেন, মমিনুল ইসলাম ও ইকবাল হোসেন, বড় শিমলা ওয়ার্ডের সভাপতি আব্দুল জলিল মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান। স্থানীয় নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য ও সর্বস্তরের মানুষ ইফতারে অংশগ্রহণ করেন।
নাচোল: চাঁপাইনবাবগঞ্জ নাচোলে লুমিনাস ওয়ার্ল্ড লিঃ এর উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার বিকাল ৫টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে লুমিনাস ওয়ার্ল্ড লিঃ কার্যালয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এক্সিকিউটিভ ডাইরেক্টর অলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, লুমিনাস ওয়ার্ল্ড লিঃ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর জসিম উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সহ-সভাপতি জাকিরুল হাসান পলাশ, সাংবাদিক সোহেল রানা, মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বানেশ্বর: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ১৭ রমজানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে রাজশাহীর বানেশ্বরে আলোচনা সভা, অর্থসহ কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজের মাঠে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সে সময় শিক্ষার্থীদের মাঝে ২২০ টি কোরআন বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সেক্রেটারি গোলাম মর্তুজা, পুঠিয়া উপজেলা জামায়াতে আমির মনজুর রহমান, রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি তরিকুল ইসলামসহ থানা ও উপজেলা শাখার বিভিন্ন পদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: March 19, 2025 | সময়: 4:07 am | সুমন শেখ

আরও খবর