, , ।
১৯৭১ সালের ১৮ মার্চ এই দিনে। অসহযোগ আন্দোলনের সপ্তদশ দিনে সরকারি-বেসরকারি ভবনের শীর্ষে কালো পতাকা উড়িয়ে, অফিস-আদালতে অনুপস্থিত থেকে বিভিন্ন শ্রেণিপেশার কর্মচারীরা স্বাধীনতা সংগ্রামকে বেগবান করে তোলে।
সেনাবাহিনীর সদস্যরা তেজগাঁয়ে ও মহাখালীতে শ্রমিকদের ট্রাকে হামলা চালায়। সৈন্যরা এ দুই স্থানে নিরস্ত্র আরোহীদের নির্মমভাবে নির্যাতন করে এবং তাদের টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এসব ঘটনায় জনসাধারণের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাতে ঘটনার প্রতিবাদ জানিয়ে সৈয়দ নজরুল ইসলাম বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, নিরস্ত্র মানুষের ওপর উস্কানিমূলক আচরণ, তা যেকোনো মহলেরই হোক না কেন, আমরা আর সহ্য করব না। এর ফলাফলের দায়িত্ব উস্কানিদাতাদেরই সম্পূর্ণ বহন করতে হবে।
এদিন বাংলাদেশের জন্য খাদ্যশস্যবাহী ‘ইরনা এলিজাবেথ’ নামের একটি জাহাজের গতিপথ বদল করে চট্টগ্রাম থেকে করাচি নিয়ে যাওয়া হয়। ঢাকায় বিমানবাহিনীর সাবেক বাঙালি সৈনিকরা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংগ্রাম কমিটি গঠন করেন। করাচিতে এক সংবাদ সম্মেলনে পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া শাসনতান্ত্রিক প্রশ্নে আলোচনার জন্য ঢাকায় আসার যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ভুট্টো জানান, ঢাকা যাওয়ার ব্যাপারে তিনি প্রেসিডেন্টের কাছে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন। কিন্তু তিনি তার কোনো জবাব না পাওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।