, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসাবে শিশুদের ভিটামিন খাইয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ডলি রাণী, মেডিকেল অফিসার ডা. মোক্তার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান, প্রধান সহকারী সালেহ মুসা এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রাজিব সরকার উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, উপজেলায় এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী তিন হাজার ৪৬৫’ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উপজেলা হাসপাতালসহ মোট ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে তিনি জানান।