, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের (ডিপ) দায়িত্ব পাচ্ছেন না নবনিয়োগপ্রাপ্ত অপারেটররা। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর কিছু দখলদার জোরপূর্বক এসব নলকূপ দখলে নিয়ে রেখেছেন এবং এখনো তা ছাড়ছেন না।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু ব্যক্তি গভীর নলকূপে তালা লাগিয়ে দেন এবং জোরপূর্বক দখল নিয়ে রাখেন। পরবর্তীতে বিএমডিএ নতুন অপারেটর নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করে।
গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের হাজিপুর মাঠে বিএমডিএর একটি গভীর নলকূপ দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম রেজার বিরুদ্ধে। সদ্য নিয়োগপ্রাপ্ত অপারেটর ইসমাঈল হোসেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিএমডিএর সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি।
নিয়োগপ্রাপ্ত অপারেটর ইসমাঈল হোসেন বলেন, ‘বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমাকে নিয়োগপত্র প্রদান করে। কিন্তু দায়িত্ব বুঝে নিতে গেলে দখলদার সেলিম রেজা চাবি দিতে অস্বীকৃতি জানান এবং আমাকে হুমকি দেন। তিনি ও তার সহযোগীরা অবৈধভাবে ডিপটি দখলে রেখেছেন। আমরা শান্তিপূর্ণভাবে দায়িত্ব বুঝে নিতে চাই, সংঘর্ষে জড়াতে চাই না।’
দখলদার অপারেটর হতে আবেদনই করেননি নিয়োগপ্রাপ্ত অপারেটর ইসমাঈল হোসেন আরও বলেন, ‘যখন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তখন সেলিম রেজা অপারেটর পদের জন্য কোনো আবেদন করেননি। কিন্তু প্রভাব খাটিয়ে তিনি ও তার লোকজন গভীর নলকূপটি জোরপূর্বক দখল করে রেখেছেন।’
নিয়োগপ্রাপ্ত অপারেটররা দ্রুত দখলদারদের উচ্ছেদ করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিএমডিএর গোদাগাড়ী জোনের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘এটি দীর্ঘদিনের সমস্যা। এ ধরনের বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে এবং দ্রুত এর সমাধান করা হবে।’