, , ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপ ফি অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এই অতিরিক্ত ফি পরিশোধ করা অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজশাহী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ অধ্যক্ষের কাছে ফি কমানোর দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী কলেজের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেক শিক্ষার্থীর বাবা কৃষক, শ্রমিক বা ভ্যানচালক, আবার কেউ কেউ টিউশনি বা পার্ট-টাইম কাজ করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। এমন পরিস্থিতিতে কলেজ কর্তৃক নির্ধারিত ফরম ফিলাপ ফি পরিশোধ করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা অন্যান্য ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলোর তুলনায় রাজশাহী কলেজে ফরম ফিলাপ ফি অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। তারা এই অতিরিক্ত ফি আদায়কে শিক্ষার্থীদের প্রতি অন্যায় ও বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গত বছর ফরম ফিলাপ ফি কমানোর দাবি জানানো হলে কলেজ প্রশাসন আশ্বস্ত করেছিল যে ২০২৫ সাল থেকে ফি কমানো হবে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং ফি চার্ট প্রকাশের পর দেখা যাচ্ছে, পূর্বের তুলনায় কোনো পরিবর্তনই আসেনি। শিক্ষার্থীরা একে দুঃখজনক ও অমানবিক বলছেন এবং তাদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করা হয়েছে বলে মনে করছেন।
এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, সেটি সম্পূর্ণ অযৌক্তিক। গত বছরও আমরা এই ফি কমানোর দাবি জানিয়েছিলাম এবং তখন প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফি কমানো হবে। কিন্তু এবারও তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আমরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে আছি এবং এই অন্যায়ের যৌক্তিক সমাধান চাই।
শিক্ষার্থীরা মনে করেন, রাজশাহী কলেজ প্রশাসন শিক্ষার্থী বান্ধব হলে তাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তারা আশা করছেন, প্রশাসন অতিরিক্ত ফি বাতিল করে ন্যায্য সিদ্ধান্ত নেবে এবং কলেজের ঐতিহ্য বজায় রাখবো।
সানশাইন/ফেরদৌস/শামি