বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে জফির উদ্দিন নামে এক ব্যাক্তির বসত বাড়িতে তিনটি টিনের ঘর-সহ তার ছেলে আব্দুল জব্বারের একটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। শনিবার বিকেলে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৪টার দিকে বাঘা উপজেলার বাঘা পৌর সভার ৫নং ওয়ার্ডের দক্ষিন গাওপাড়া গ্রামের জফির উদ্দিন এর তিনটি টিনের ঘর-সহ বাড়ি সংলগ্ন তার ছেলে আব্দুল জাব্বারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর এই আগুন বাড়ির তিনটি টিনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই মধ্যে ঘর ও বাড়ির সামনের মুদি দোকানের সকল মালা-মাল পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত।
এদিকে বাড়িতে আগুন লাগার পর এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় নগদ টাকা, টি.ভি, ফ্রিজ, খাট ও ফার্নিচারসহ তিনটি ঘর ও দোকানের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাই।
বাঘা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম যায়। এরপর আধা ঘন্টা চেষ্টার এক পর্যায় আগুন নেভানো সম্ভব হয়।