, , ।
স্টাফ রিপোর্টার: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” এই অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী বিআইএএম মডেল স্কুল মাঠে এই ত্রৈবার্ষিক কাউন্সিল সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। কাউন্সিলে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন প্রফেসর ড. হাসনা আরা বেগম। ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় আগামী তিন বছরের জন্য জেলা রোভারের নতুন কমিটি ঘোষণা করা হয়। ভোটাধিকারের মাধ্যমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী থ্রি স্টার ওপেন রোভার স্কাউট গ্রুপের মো. সালেহ হামিম। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তরিকুল ইসলাম আনসারী। প্রতিটি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভোটাধিকার প্রদান করেন। এছাড়া, বাকী পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। সভায় বক্তারা বলেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতৃত্ব নির্বাচনের একটি অংশ। এর মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা ভবিষ্যতে রাজশাহী জেলা রোভারকে সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন।