, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে কোল্ড স্টোরেজে মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় খেজুরের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্ক ফোর্সের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত ২৩ বস্তা মেয়াদ উত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটোর সদর উপজেলার মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে খেজুরের মালিক প্রদিপ দত্তকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজে অভিযান চালায় জেলা টাস্ক ফোর্সের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে কোল্ড স্টোরেজে মেয়াদ উত্তীর্ণ ২৩ বস্তা খেজুর উদ্ধার করা হয়। এ সময় খেজুরের মালিক প্রদীপ দত্তকে মেয়াাদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণ করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা ও জব্দকৃত খেজুরগুলো ধ্বংস করা হয়।
ট্রান্সফোর্সের অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, কৃষি বিপনন কর্মকর্তা মিজানুর রহমান সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। এ সময় মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের এবং ভেজাল খাদ্য সংরক্ষণ, বিক্রয় ও বিপণন না করার জন্য ফল ব্যাবসায়ী প্রদীপ দত্তকে সতর্ক করা হয়।