বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর সাপাহারের আদাতলা সীমান্ত থেকে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশী ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে। আটকৃকত সিরাজুল ইসলাম সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও আটককৃত সিরাজুলের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে সিরাজুলসহ তার অন্যান্য সহপাঠিদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১ এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টাকালে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান বলেন, আমি অসুস্থ। চিকিৎসা নিচ্ছি। তবে তিনি আরো বলেন, এ ঘটনায় ভারতের বিএসএফের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন সিরাজুলের বিষয়ে তারা কিছু জানেন না।
তবে বিএসএফের হাতে আটককৃত সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুনের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, ভারতে গরু আনতে যাওয়া তার স্বামীর সাথীরা ফিরে আসলেও তার স্বামীকে বিএসএফ সদস্যরা আটক করেছে বলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, তার পিতা-মাতা ও স্বামীর সংসারে কেউ না থাকায় নিরুপায় হয়ে তিনি এখন অসহাত্ববোধ করছেন।