গোমস্তাপুরে পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই মহল্লার আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি বেগম (২৪) তার পরকীয়া প্রেমিক শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিবকে (২৮) নিয়ে শনিবার রাতে গোপনে শ্বশুর বাড়িতে রাত্রিযাপন করার সময় বিষয়টি শ্বশুর বাড়ির লোকজন টের পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করে।
এতে তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে ধারনা করা হচ্ছে। পরে শনিবার রাত ১১ টার দিকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, রোববার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫ | সময়: ৬:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ