সর্বশেষ সংবাদ :

ইবিতে শ্রেণীকক্ষ নিয়ে বারংবার আন্দোলনে প্রশাসনের কমিটি গঠন

ইবি প্রতিনিধিঃ

শ্রেণীকক্ষের সুষ্ঠু বন্টনকে কেন্দ্র করে কয়েকদিন পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে অনুষদ ভবনের কক্ষ পুনর্বণ্টন বিষয়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৪ সদস্যের কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ভিসি অফিসের উপ রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলী। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

এর আগে বিভিন্ন সময় ক্লাসরুমের দাবিতে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। একই দাবীতে আমরণ অনশন পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা৷ এছাড়া একই দাবীতে মুখে কালো কাপড় বেধে আন্দোলন করেছে সমাজকল্যাণ বিভাগ। সর্বশেষ আজ সকালেও অনুষদ ভবনে বরাদ্দকৃত শ্রেণীকক্ষ বুঝিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

সানশাইন/ওয়াসিফ/শামি


প্রকাশিত: February 1, 2025 | সময়: 9:52 pm | Daily Sunshine