রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাউকে পিএসসি ও ইউজিসি সদস্য নিয়োগ না দেওয়া চরম বৈষম্য বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান। বুধবার (১৫ জানুয়ারি) সকালে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে অধ্যাপক ফরিদ উদ্দিন খান লিখেছেন, গতকাল (মঙ্গলবার) খবরে পড়লাম সরকারি কর্ম কমিশনের ৬ জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। দুঃখের সাথে লক্ষ্য করছি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি কিংবা ইউজিসিতে কোনো সদস্য নিয়োগ দেয়া হয়নি। আমি মনে করি রাবির শিক্ষার্থীদের প্রতি এটি চরম বৈষম্য।
তিনি আরও লিখেছেন, আমি রাবি সমন্বয়ক ও বিসিএস আগ্রহী শিক্ষার্থীদের অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি এবং ইউজিসি সদস্য নিয়োগ দেবার জন্য মানববন্ধন করে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট স্বারকলিপি প্রদান করার মাধ্যমে জোর দাবি তোলা হোক!
উল্লেখ্য, গত ২ জানুয়ারি পিএসসির ৬ জন নতুন সদস্য নিয়োগ হলে সমালোচনার মুখে গত সোমবার ( ১৩ জানুয়ারি) তাদের নিয়োগ বাতিল করা হয়।
এদিকে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খানের ঐ পোস্টের কিছুক্ষণ পরই মানববন্ধনের ঘোষণা দিয়েছে রাবি শিক্ষার্থীরা। আগামীকাল (১৬ জানুয়ারি) ইউজিসিতে সর্বনিম্ন ১ জন ও পিএসসিতে সর্বনিম্ন ২ জন সদস্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।
সানশাইন/লাবু/শামি