সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে ছেলেকে আটক করায় আতঙ্কে পিতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পলাতক আসামি ছেলেকে আটক করতে বাড়িতে অভিযান চালানোর সময় আতঙ্কে তরিকুল (৫০) নামে এক পিতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি ওই গ্রামের এন্তাজ আলীর ছেলে।

মৃতের স্ত্রী অজেফা বেগম জানান, তার ছেলে সুমন প্রতিবেশির করা একটি মারামারি মামলার আসামি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করতে বাড়িতে অভিযান চালায়। এ সময় সে বাড়িতে ছিল না। বাড়িতে পুলিশ আসার সংবাদে তার স্বামী আতংকগ্রস্থ হয়ে পড়ে। এসময় তিনি একটি গোয়ালঘরের কোঠায় আশ্রয় নিলে সেখানে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়। পরে পুলিশ বুধবার দুপুরে তার লাশ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামে উপপরিদর্শক সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল আদালতের পরোয়ানাভুক্ত আসামি তরিকুল ইসলামের ছেলে সুমনকে আটক করতে তার বাড়িতে গেলে তার পিতা আতংকগ্রস্থ হয়ে মারা যায়। তিনি হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

সানশাইন / শামি


প্রকাশিত: January 8, 2025 | সময়: 9:34 pm | Daily Sunshine

আরও খবর