নলডাঙ্গায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই ॥ ৬ ডাকাত গ্রেফতার

নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় চালককে কুপিয়ে অটো রিক্সা ছিনিয়ে নেয়ার ঘটনায় নওগাঁ থেকে এক নারী সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অটো রিক্সাটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। এর আগে বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে নওগাঁ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার মান্দা থানার আবিদ্য গ্রামের নাসিরুদ্দিন প্রামানিকের ছেলে শান্ত ইসলাম (২৪), চক-বালু গ্রামের গয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (২৩), রানীনগর উপজেলার বিসিয়া গ্রামের ইউসুফ সর্দারের ছেলে নাঈম সরদার (২৪), বদলগাছি থানার কলার পালশা মধ্যপাড়ার আব্দুল মন্ডলের ছেলে আসাদুল ইসলাম (৪২), একই থানার বিলাসবাড়ি এলাকার মৃত আলম হোসেনের মেয়ে মোছাঃ নিশা (২২), এবং নওগাঁ সদরের আরজি নওগাঁ মহল্লার মৃত আহাদ আলীর ছেলে হারুনুর রশিদ (৫২)।

 

পুলিশ সুপার জানান, গত ২৪ নভেম্বর রাতে নাটোর রেলওয়ে স্টেশন বাজারের একতা মোড়ে অটো রিক্সা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন অটো রিক্সা চালক আব্দুস সোবাহান। এ সময় এক নারী সহ ৬ জন ডাকাত সদস্য যাত্রীবেশে নওগাঁর আত্রাই যাওয়ার জন্য অটো রিক্সাটি রিজার্ভ ভাড়া করেন। পরে নলডাঙ্গা উপজেলার বীরকুৎসা দুর্লভপুর ব্রীজের উপর পৌঁছামাত্র যাত্রীবেশে থাকা ডাকাত সদস্যরা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মোবাইল ফোন ও টাকাসহ অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় চালক আব্দুস সোবাহান নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় আসামীদের শনাক্ত করে বগুড়া ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং অটো রিক্সাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ৬ ডাকাত সদস্যকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সানশাইন / আনোয়ার/শামি


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ | সময়: ৬:১৩ অপরাহ্ণ | Daily Sunshine