, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলন, ক্যারম বোর্ড খেলা ও প্রতিযোগীদের সাথে হাত মেলানোর মাধ্যমে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর শামসুজ্জোহা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। সপ্তাহব্যাপী আন্তঃক্রীড়া ও বহিঃক্রীড়া-এর ১৯টি ইভেন্টের মধ্যে ০৬টি ইভেন্ট- দৌড় (১০০ মিটার) একাদশ ও দ্বাদশ, লৌহ গোলক নিক্ষেপ, দৌড় (১০০ মিটার) অনার্স ও মাস্টার্স, বর্শা নিক্ষেপ, ক্যারম (একক) ও ক্যারাম (দ্বৈত) অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মহোদয় আশাবাদ ব্যক্ত করেন যে, সুস্থ দেহে সুন্দর মন, তবেই নিশ্চিত হবে টেকসই এবং সমৃদ্ধ শিক্ষাঙ্গন। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী’র এই সময়োচিত আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।