সর্বশেষ সংবাদ :

জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাবেক এমপি রায়হান আবারও আটক

সানশাইন ডেস্ক: কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই গ্রেফতার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক (রায়হান)।

 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং ওই সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন।

 

 

এই বিষয়ে জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানান, রাহেনুল হক রায়হানকে গ্রেফতারের জন্য চারঘাট থানা-পুলিশের রিক্যুইজিশন ছিল। সে অনুযায়ী রাতে সাহেববাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এখন তিনি ডিবি হেফাজতে আছেন। তাকে চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হবে।

 

এর আগে, “গত ২১ সেপ্টেম্বর নিজ এলাকা চারঘাট বাজার থেকে রাহেনুল হক পুলিশের হাতে আটক হন। গত ২০ আগস্ট চারঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অসুস্থতার কারণে সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন বলে জানান রাহেনুল হকের স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন।”

 

এদিকে সোমবার সন্ধ্যায় রাহেনুল হকের জামিনে বের হওয়ার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষায় ছিলেন তার ছেলে রেজাউন-উল হক তরঙ্গ (২৭)। ওই সময় তরঙ্গকে অপহরণ করে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেয়া হয়।

 

অপহরণের পর তরঙ্গ মোবাইলে তার মা নার্গিস খাতুনকে বলেন, “তাকে কারাগার সংলগ্ন পদ্মা নদীর ধারে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে ছেড়ে দেয়ার জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।”

 

এ ঘটনায় নার্গিস জানান, “এ সময় ছাত্রদল-যুবদলের কয়েকজন স্থানীয় নেতা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাকে শান্ত করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তরঙ্গকে লালন শাহ মুক্তমঞ্চে তার মামাতো ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। এই অপহরণের ঘটনায় ছাত্রদল নেতাদের সম্পৃক্ততার দাবি উঠলেও দায় স্বীকার করেনি কেউ। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগও করা হয়নি।”


প্রকাশিত: November 26, 2024 | সময়: 7:37 am | Daily Sunshine