রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ঘুঘু পাখির বাচ্চা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রাজপাড়া থানা পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর চেষ্টা করছিল সাজ্জাদ। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে ঘটনাটি সম্পর্কে খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় বৈদ্যুতিক খুঁটি ও পাশের একটি বাড়ির টিনের সঙ্গে ঝুলে থাকা কিশোরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজ্জাদের পিতা নাম সাজু। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হলেও বর্তমানে রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
পুলিশ জানায়, মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একটি পাখির বাচ্চা উদ্ধার করতে গিয়ে কিশোরের এমন করুণ মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।