সর্বশেষ সংবাদ :

বাগমারায় পান বরজ আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় পান বরজে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আউচপাড়া ইউনিয়নের সাঁইধারা গ্রামে। গত শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে অগ্নিসংযোগ করে দুস্কুতকারীরা। একই পান বরজে গত সোমবার দিবাগত রাতেও আগুন দেয়া হয়েছিল।
ক্ষতিগ্রস্ত পানচাষী আব্দুল জলিল পাইক জানান, পূর্ব শত্রুতার জেরে চিহ্নিত একটি পক্ষ দীর্ঘ দিন শত্রুতা করে আসছে। তারাই এ কাজ করেছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি করা আছে।
সূত্র জানায়, এর আগে ওই পান বরজে আগুন দেয়ার সময় পানচাষীর বাড়ির রাখাল বরজের উত্তর দিকে পানের পরিচর্যা করছিলেন। আজকে গ্রামের এক মহিলা পান বরজের পাশ দিয়ে যাবার সময় চটচট শব্দ শুনতে ও আগুন দেখতে পান। তার ডাক চিৎকারে পথচারী ও গ্রামবাসী ছুটে আসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত রক্ষা পেয়েছেন পান চাষি। এ ঘটনায় পান চাষীদের মধ্যে আতংক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিল পাইক জানান, এতে তাঁর ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম হোসেন বলেন, ওই ঘটনায় একজন এসে অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

*


প্রকাশিত: November 12, 2024 | সময়: 6:20 am | সুমন শেখ