বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ার অভিমানে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে মারিয়া খাতুন শাম্মি (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী মারিয়া খাতুন শাম্মি ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে এবং ভাড়ইমারী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ঈশ্বরদী থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাড়ইমারী আনন্দ বাজার এলাকার শহীদুল মন্ডলের ছেলে এবং ভাড়ইমারী বটতলাস্থ ওয়ার্কসপ মিস্ত্রী নাঈম ইসলামের (১৭) সাথে কিশোরী শাম্মির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমকে পূর্ণ করতে গত শুক্রবার নাঈমের প্রেমের ডাকে সাড়া দিয়ে তার বধু হওয়ার স্বপ্নে বিভোর শাম্মি পিত্রালয় ছেড়ে চলে আসেন প্রেমিক নাঈমের বাড়ীতে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। অবশেষে দুই পরিবারের আলোচনায় গভীর রাতে পিত্রালয়ে ফিরে যেতে বাধ্য হয় কিশোরী শাম্মি।
বাড়ী ফিরে পরিবারের সকলের কটু কথা আর প্রেমিক হারানোর আর্তনাদ সইতে না পেরে রাতের কোন এক সময় নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কিশোরী শাম্মি। সকালে স্বজনরা তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শম্মিকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।