সর্বশেষ সংবাদ :

নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব বাগমারার হাট-বাজার

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: উপজেলার বিভিন্ন হাট-বাজার নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব হয়ে গেছে। এখানে আইনের তোয়াক্কা না করে প্রতিটি হাট বাজারে প্রকাশ্যেই এসব পলিথিন দেদারসে বিক্রি ও ব্যবহার করা হচ্ছে। এছাড়া ব্যবহার হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাষ্টিক দ্রব্যাদি।
জানা গেছে, ২০০২ সালে সরকার পরিবেশর জন্য ক্ষতিকর সব ধরণের পলিথিন ও প্লাষ্টিক সামগ্রীর উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে। একই সঙ্গে দেশব্যাপি নিয়মিত বাজার পর্যবেক্ষণ, পলিথিন কারখান বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণ করে পলিব্যাগের উপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে বলা হয়।
এ প্রজ্ঞাপন জারির পর কিছুদিন পলিব্যাগ ও ওয়ানটাইম প্লাস্টিক পণ্য ব্যবহার কিছুদিন বন্ধ থাকলেও কিছুদিন পর তা আবার পুরোদমে উৎপাদন ও বাজারে চলে আসে।
বিভিন্ন ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এই উপজেলায় প্রায় সব হাট-বাজারে ব্যাপক হারে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার হলেও এর মূল আমদানীকারক ও বড় গুদাম রয়েছে তাহেরপুর বাজারে। অন্যান্য বাজারের ছোট খাট দোকানীরা স্থানীয় ভাবে ২-১ কেজি পলিথিন কিনে পণ্য বিক্রি করে। তবে যাদের কাছে পলিথিন কিনে তারা পাইকারি দরে বেশি পরিমান পলিথিন তাহেরপুর হাট থেকে সংগ্রহ করে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর ইসলাম জানান, পলিথিন শপিং ব্যাগ সম্পূর্ণ বন্ধ করতে হলে যেখানে এই উৎপাদন সেখানে আগে বন্ধ করতে হবে। পাশাপাশি পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব অন্য ব্যাগ বাজারে নিয়ে আসতে হবে। এছাড়া শুধু ভ্রাম্যমাণ আদালত দিয়ে এ ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা সম্ভব নয়। তারপরও আমরা জনসচেতনতা বৃদ্ধি বিকল্প উপায়ে পলিথিনের ব্যবহার বন্ধ করতে চেষ্টা অব্যাহত রেখেছি।


প্রকাশিত: October 17, 2024 | সময়: 5:58 am | সুমন শেখ