, , ।
স্টাফ রিপোর্টার: বিশ্ব ডাক দিবস ছিল ০৯ অক্টোবর। রাজশাহীতে দিবসটি উদযাপনে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় এবং এর বিভিন্ন ইউনিট নানা কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও স্মারক ডাকটিকিট প্রদর্শণী। এবারের ডাক দিবসের প্রতিপাদ্য ‘ওয়ান ফিফটি ইয়ারস অব এনাব্লিং কমিউনিকেশন এন্ড ইমপাওয়ারিং পিপলস এক্রোস ন্যাশনস।
বিকেলে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কারবিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম ।
প্রধান আলোচক বলেন, ডাক বিভাগ তথ্য পরিবহণের অতি পুরাতন মাধ্যম। মানুষের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার অনেক স্মৃতি এই ডাক বিভাগের সাথে জড়িয়ে আছে। বর্তমানে পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় গ্রাহকদের আগ্রহ বেড়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিসসহ নানাবিধ ডিজিটাল সেবা দিচ্ছে পোস্ট অফিসগুলো। এছাড়া ডাক জীবন বীমা ভবিষ্যৎ পারিবারিক নিশ্চয়তার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রধান আলোচক আরও বলেন, জনসাধারণকে সেবা প্রদানের ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হতে হবে। গ্রাহক পর্যায় থেকে কোনো অভিযোগ আসলে সেগুলো অতি দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। সকল ক্ষেত্রে শুদ্ধাচারী হতে হবে।
আলোচানা সভায় সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল রাজশাহীর অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান। সভা শেষে শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নওগাঁ: নওগাঁয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে শহরের প্রধান ডাকঘরের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের মুক্তির মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকঘর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান ডাকঘর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁ প্রধান ডাকঘরের জেলা পোস্ট মাষ্টার শামসুজ্জোহা, জেলা পোস্ট অফিস পরিদর্শক সানোয়ার হোসেন, নিশিকান্ত মাহাতো, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সচিব ইদ্রিস আলী শেখ, নওগাঁ প্রধান ডাকঘররের সহকারী পোস্ট মাষ্টার মামুনুর রশিদসহ নওগাঁ জেলায় কর্মরত ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তার বলেন, বর্তমানে পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় গ্রাহকদের আগ্রহ বেড়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিসসহ নানাবিধ ডিজিটাল সেবা দিচ্ছে পোস্ট অফিসগুলো। ডাক জীবন বীমা ভবিষ্যৎ পারিবারিক নিশ্চিতার প্রতীক বলেও দাবি করেন তারা।