সর্বশেষ সংবাদ :

আজ শুভ মহালয়া

স্টাফ রির্পোটার: আজ বুধবার শুভ মহালয়া ; এর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এই দিনে কৈলাস থেকে মা দূর্গা পিতৃগৃহে আগমন করবেন। মহালয়ার পূণ্য তিথিতে দেবী-বন্দনায় আনন্দময়ীর আগমনে মধুর কলধ্বণিতে স্ফুরিত হয়ে উঠবে এই ধরাধাম। দেশজুড়ে মন্দিরে দেবী দূর্গার আগমনী বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে শুরু হবে উৎসবের আমেজ।
দেবীর আবাহনেই দূর্গাপূজার ক্ষণগণনা। আর ৬ দিন পরেই শুরু হবে দেবীর আরাধনা। সনাতন ধর্মমতে, এ দিন প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠানো হয়। যে আত্মার সমাবেশই মহালয়া নামে পরিচিত। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। একই সঙ্গে শারদীয় দূর্গোৎসবের পূণ্যলগ্নেরও শুরু আজ থেকে। মহালয়ার মাধ্যমে দেবী দূর্গা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। বছর ঘুরে আবারও উমা দেবী আসছেন তার বাপের বাড়ি।
পুরাণমতে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর চারদিকে শুরু হয় অশুভ শক্তির প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। তখন দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। মহালয়ার সময় ঘোর অমাবস্যা থাকে। তখন দুর্গা দেবীর মহাতেজের আলোয় সেই অমাবস্যা দূর হয়ে প্রতিষ্ঠা পায় শুভশক্তি।
আগামী ৮ অক্টোবর সায়ংকালে অকাল বোধনে খুলে যাবে সর্বজনীন মা দূুর্গার শান্ত-স্নিগ্ধ অতল গভীর আয়ত চোখের পলক। দূর কৈলাশ ছেড়ে দেবী পিতৃগৃহে দোলায় আসবেন। আগামী ১২ অক্টোবর মঙ্গলবার একইসাথে মহানবমী এবং বিজয়া দশমী অনুষ্ঠিত হবে ; দেবী দূর্গা তার পুত্র-কন্যাসহ কৈলাশে ফিরবেন ঘটকে চেপে। ৯ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দূর্গাপূজা শুরু হলেও মূলত আজ মহালয়ার মধ্যদিয়ে দূর্গাপূজার আগমনধ্বনি বেজে উঠলো। এই বছর দেবী দুর্গার আগমন দোলায় ও গমন ঘোটকে।
দেবী দূর্গার সৃষ্টির বর্ণনায় ভোর থেকেই দেশব্যাপিসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন মন্দিরে মন্দিরে শুরু হয়েছে পূজা অর্চনা। মহালয়ার বিশেষ আয়োজন করেছে রাজশাহী মহানগর সার্বজনীন পূজা কমিটি। বিভিন্ন মণ্ডপে আড়ম্বরে আবাহন জানানো হচ্ছে দেবীকে।


প্রকাশিত: October 2, 2024 | সময়: 6:07 am | সুমন শেখ