সর্বশেষ সংবাদ :

রাবি’র বিভিন্ন দপ্তরে প্রশাসক নিয়োগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বুধবার বিভিন্ন দপ্তরে নিযোগপ্রাপ্তরা যোগদান করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লিগ্যাল সেলের নবনিযুক্ত প্রশাসক ড. মো. আব্দুর রহিম মিয়া বুধবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি আইন বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মো. সালেহ্ হাসান নকীব তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে লিগ্যাল সেলের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। দায়িত্বে যোগদানের পর প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর ড. মো. আব্দুর রহিম মিয়া রাবি আইন বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) ও ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মো. আব্দুর রহিম মিয়া ২০০৪ সালে রাবি আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর ৪০টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি সফলভাবে ১৩টি আইন বিষয়ক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির নবনিযুক্ত ওয়ার্ডেন ড. মো. আবু বকর প্রাং বুধবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি ফলিত গণিত বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ দেন। দায়িত্বে যোগদানকালে ডরমিটরির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ওয়ার্ডেন তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ড. মো. আবু বকর প্রাং রাবি গণিত বিভাগ থেকে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৩ সালে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মো. আবু বকর প্রাং ২০০৪ সালে রাবি ফলিত গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৯ সালে প্রফেসর পদে উন্নীত হন। তার ২৯টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। ইতোপূর্বে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুলেন্স সেলের (আইকিউএসি) নবনিযুক্ত অতিরিক্ত পরিচালকদ্বয় ড. কামাল উদ্দিন ও ড. মো. মনিমুল হক আজ বুধবার দায়িত্বে যোগদান করেছেন। তাঁরা যথাক্রমে ফারসি ভাষা ও সাহিত্য এবং পরিসংখ্যান বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তাঁদের এ পদে নিয়োগ দেন। দায়িত্বে যোগদানকালে আইকিউএসি’র কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত অতিরিক্ত পরিচালকদ্বয় তাঁদের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ড. মো. কামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে রাবিতে ভাষা বিভাগে ফারসি বিষয়ে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। ইতোপূর্বে তিনি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে ভিজিটিং প্রফেসরের দায়িত্ব পালন করেন।
ড. মো. মনিমুল হক রাবি পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে তিনি এমফিল ও ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে রাবিতে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৯ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।


প্রকাশিত: September 19, 2024 | সময়: 7:14 am | সুমন শেখ