বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে নারী-পুরুষ বৈষম্য দূর করতে নানামুখী পদক্ষেপ নিয়ে আসছে আইসিসি। এবার ক্রীড়া জগতের ইতিহাসে দারুণ একটি মাইলফলক স্থাপন করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন থেকে ছেলেদের সমান প্রাইজ মানি পাবেন মেয়েরাও।
২০২৩ সালের জুলাইয়ে আইসিসির বাৎসরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নারী ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া ও ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থ পুরস্কারের পরিমাণ দ্বিগুণেরও বেশি করেছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে দলগুলোকে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার পুরস্কার দেওয়া হবে, যা ২০২৩ আসরের তুলনায় ২২৫ শতাংশ বেশি।
গত বছর দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ লাখ ডলার। এবার শিরোপা জয়ী দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। আর রানার্স আপ দলকে ৫ লাখ ডলারের পরিবর্তে দেওয়া হবে ১১ লাখ ৭০ হাজার ডলার। দুই জায়গায়ই প্রাইজ মানি বাড়ানো হয়েছে ১৩৪ শতাংশ।
সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। ২০২৩ আসরের (২ লাখ ১০ হাজার) চেয়ে যা তিন গুণেরও বেশি। ১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। গত আসরের ১৭ হাজার ৫০০ ডলারের চেয়ে যা ৭৮ শতাংশ বেশি।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও যাবে না খালি হাতে। গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে দেওয়া হবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। আর পঞ্চম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। আর টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলকেই ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে পুরস্কৃত করা হবে।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। আগামী ৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
সূচিতে একটি পরিবর্তন এনেছে আইসিসি। ৫ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ বিকাল ৪টার পরিবর্তে মাঠে গড়াবে রাত ৮টায়। আর একই দিনে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াই রাত ৮টার বদলে হবে বিকাল ৪টায়। দুটি ম্যাচই হবে শারজাহতে। ১৫ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ১৭ ও ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। দুবাই ও শারজাহতে হবে পুরো টুর্নামেন্ট।