, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন স্থান নেই উল্লেখ করে বক্তব্য রেখেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও দলের সিনিয়র নেতা আবু সাইদ চাঁদ। শনিবার বেলা ১১টায় বাঘার মীরগঞ্জ বারশদিয়ার গ্রামে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বিএনপির নেতা হেলাল উদ্দীনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় আবু সাঈদ চাঁদ বলেন, শেখ হাসিনা সরকার গত ১৬ বছর কি করেছে সেগুলো মানুষ জানে। তাদের ক্ষমতা এতোটায় বেড়ে গিয়েছিল যে, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পরাজয় বরণ করে দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। প্রক্ষান্তরে অনেক জ্বালা যন্ত্রনা ও নিপীড়ন সহ্য করেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ অবধি দেশ ত্যাগ করেননি। কারণ এই দেশের প্রতি তার মায়া আছে।
তিনি সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনী (র্যাব)এর সাথে মীরগঞ্জ বারশদিয়ার গ্রামবাসিদের মধ্যে ঘটে যাওয়া একটি অনাকাংখিত ঘটনাকে কেন্দ্র করে ১৪ জন আটক প্রসঙ্গে বলেন, যারা আইনের রক্ষক তাদের সাথে কখনোয় খারাপ ব্যবহার কিংবা সহিংসতা মূলক কর্মকান্ডে জড়ানো যাবেনা। আমি উচ্চ মহলে বলে দেবো, এ ঘটনায় যারা প্রকৃত অপরাধী তাদেরকে ছাড়া যেনো অন্য কাওকে গ্রেফতার না করা হয়। তিনি দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি এবং মাদকের সাথে সম্পৃক্ত থাকবে, তাদের আটক করার জন্য প্রশাসনকে নির্দেশনা দেবেন বলেও উল্লেখ করেন।
চাঁদ, দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই। কারণ সামনে চ্যালেঞ্জ মুখী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জয় লাভের কোন বিকল্প নেই। এ জন্য এখন থেকে সাধারণ ভোটারদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন সহ দলের মধ্যে বিভেদ ভুলে কর্মী বাড়ানোর নির্দেশ দেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবুলু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন সম্পাদক মুখলেছুর রহমান মুকুল পৌর বিএনপির সভাপতি তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আব্দুল লতিফ, যুবদল নেতা সালে আহম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি প্রমুখ।