বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ জুলাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। তিনি ২০০৭ সালের আজকের দিনে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি হন। প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পরে জামিনে মুক্তি পান তিনি। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে আটক করা হয়।
ওই দিন শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার পুরো বাসা ঘেরাও করেন। তাকে আটক করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের গেটে দাঁড়িয়ে তিনি প্রায় ৩৬ মিনিট বক্তব্য দেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানান।
গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে লেখা একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।