, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আব্দুর রশিদ (৫২), আইনুল (৩৮), নজরুল ইসলাম (৪০), কামরুল আলী (৩৬), কুরবান আলী (৫৫) ও খাদেমুল ইসলাম পালা (৪০)। তার সকলেই রাজশাহী মহানগরীর ডাঁশমারী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, ১৯ জুন দিবাগত রাতে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোহা: আব্দুর রহমান ও তার টিম বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।