সর্বশেষ সংবাদ :

ভূমিসেবায় স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে পবায় ‘ভূমির পাঠশালা’র যাত্রা

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহে স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে নির্মিত ‘ভূমির পাঠশালা’র উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ভূমির পাঠশালা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এরপর, ‘ভূমির পাঠশালা’য় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সভার শুরুতেই স্বাগত বক্তব্যে ‘ভূমির পাঠশালা’র লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। তিনি জানান, ‘ভূমির পাঠশালা’ ভূমি সেবা সপ্তাহের একটি উদ্ভাবনী উদ্যোগ। যার মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য হলো- জনগণকে ভূমি সংক্রান্ত সামগ্রিক জ্ঞান প্রদানের মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘ভূমি নিয়ে মানুষের ভোগান্তি সৃষ্টির শুরু থেকেই। বাংলাদেশে অধিকাংশ পরিবারেই ভূমি সংক্রান্ত জটিলতা রয়েছে। অপরদিকে এই ভূমি নিয়েই মানুষের জ্ঞানচর্চা সবচেয়ে কম। তাই ‘ভূমির পাঠশালা’ ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা তিনি।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে ‘ভূমির পাঠশালা’র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্মার্ট বাংলাদেশ রোডম্যাপের চারটি পিলার- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গর্ভন্যান্স। এই চারটি পিলারের মধ্যে স্মার্ট নাগরিক এমন একটি পিলার যা মজবুত না হলে অন্য তিনটি পিলার হবে ভঙ্গুর, প্রকারান্তরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে দুরূহ ও অসম্ভব এক ব্যাপার। এজন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রথম এবং প্রধান শর্ত স্মার্ট নাগরিক তৈরি করা। কারন স্মার্ট নাগরিকের মাধ্যমেই তৈরি হবে স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি, যা একইসাথে নিশ্চিত করবে জবাবদিহিমূলক সরকার অর্থাৎ ‘স্মার্ট গর্ভন্যান্স’। আর সেই লক্ষ্য বাস্তবায়নে ভূমি বিষয়ক জ্ঞান প্রদানের মাধ্যমে স্মার্ট নাগরিক গড়ে তুলবে ‘ভূমির পাঠশালা’।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, পবার উদ্ভাবনী উদ্যোগ ‘মাটির মায়ার’র হাত ধরে সমগ্র বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন সূচিত হয়ে ছিল। ‘ভূমির পাঠশালা’ সেই ধারাবাহিকতা বজায় রেখে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। এই উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়িত হলে, আকাশচুম্বী প্রত্যাশার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভবপর হবে বলে জানান তিনি।
এদিকে পাঠশালার উদ্বোধন উপলক্ষে আজ পবা উপজেলা ভূমি কার্যালয় চত্বরে ব্যতিক্রমী আয়োজন করা হয়। ‘স্মার্ট ভূমিসেবা নিশ্চিতে স্মার্ট নাগরিক সৃষ্টির একমাত্র উপায়’ শিরোনামে উপজেলার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয়। বিতর্ক দল তৈরির জন্য সহকারী কমিশনার অভিজিত সরকার আগেই দুটি বিদ্যালয়ে গিয়ে স্মার্ট ভূমিসেবার ওপরে পাঠদান করেন। সেই প্রস্তুতি নিয়ে প্রস্তাবনার পক্ষে নওহাটা বালিকা উচ্চবিদ্যালয় ও বিপক্ষে দামকুড়াহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অতিথিরা ভূমি সেবাগ্রহীতারা শিক্ষার্থীদের বিতর্ক উপভোগ করেন। বিতর্ক প্রতিযোগিতায় প্রস্তাবনার পক্ষের দল নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় জয়ী হয়। ভূমির পাঠশালায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীরা অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদের হাত থেকে পুরস্কার নেয়।
অবশ্যই এক দশক আগে রাজশাহীর পবা উপজেলা ভূমি কার্যালয়ে ভূমিসেবার অনন্য উদ্যোগ ‘মাটির মায়া’ চালু করা হয়েছিল। ২০১৫ সালে পবা ভূমি কার্যালয়ের সেবার দৃষ্টান্ত নিয়ে ‘এসি ল্যান্ডের মাটির মায়া’ নিয়ে দেশব্যাপি আলোড়ন হয়েছিল। সেই সময় এ্যানিল্যান্ডের দায়িত্বে ছিলেন শাহাদত হোসেন কবীর। আবারো গতকাল ভূমি ব্যবস্থাপনার মৌলিক বিষয়ে হাতে-কলমে শিক্ষা দিতে সেখানে ভূমির পাঠশালার যাত্রা শুরু হয়েছে। প্রাথমিকভাবে পবার একটি গ্রামের বিভিন্ন পেশার ২০ জন তরুণ-তরুণীকে নিয়ে পাঠশালার কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি এরই মধ্যে সচেতনমহলে প্রসংশায় ভাসছে।


প্রকাশিত: June 14, 2024 | সময়: 4:59 am | সুমন শেখ