বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: পবার হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ৩০ মে বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় ২ কোটি ৫৮ লক্ষ ৮৯ হাজার ২শ’ টাকার বাজেট ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন। এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব বেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্য ফারুক হোসেন ডাবলু বলেন, আমাদের সম্পদ সীমিত, কিন্তু চাহিদা অনেক। তাই সীমিত সম্পদ নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। হুজুরীপাড়া ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। সুন্দর বাজেট সভা করার জন্য চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান ফারুক হোসেন ডাবলু। ইউনিয়নের সকল ওয়ার্ডে সুষম বণ্টনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার পরামর্শ দেন তিনি।
এ সময় পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিয়াজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হুজুরীপাড়া ইউনিয়ন যুবলীগ।