, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে জমিজমা নিয়ে দু-পক্ষের দ্বন্দ্বে আলী হোসেন নামের এক ব্যক্তির বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে মোহনপুর থানা এলাকার মৌগাছি ইউপির বেড়াবাড়ি ডাইংপাড়া গ্রামে এঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত আলী হোসেন ও তার চাচাতো ভাই আনারুলের মধ্যে দ্বন্দ চলে আসছিল। এবিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সালিশে সমঝোতা করা হয়েছে। সমঝোতার পর আলীর কাছ থেকে দু’লাখ টাকা চাঁদা দাবি করেন তারই বোন জামাই আসাম উদ্দিন।
আসাম উদ্দিন স্থানীয় জমি মাপা আমিন। আলী চাঁদা দিতে অস্বীকার করলে ষড়যন্ত্রের মাধ্যমে ভ্যান চালক আনারুলসহ তার পরিবারের সদস্য আসাম উদ্দিন, শহিদুল, শফিকুল, সুফিয়া, সাবিনাসহ ১০-১২ জন হাতে বাঁশের লাঠি, হাসুয়া, ইট দিয়ে আলীর বাড়ির সীমানার কাঁটাতার ও সিমেন্টের তৈরী পিলার ভেঙ্গে ফ্ল্যাট বাড়ির জানালায় ভাংচুর চালায়।
এতে দুটি জানালার কাঁচ ভেঙ্গে গেছে। ভুক্তভোগীরা বাধা নিষেধ করলে উভয় পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এবিষয়ে আসাম উদ্দিন জানান, ঘটনার দিন সে উপস্থিত ছিল না। উভয় পক্ষই তার নিকটাত্মীয়। তার নামে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।
এবিষয়ে মোহনপুর থানা ওসি হরিদাস মন্ডল জানান, এ ঘটনায় পুলিশ একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। উভয় পক্ষ বিষয়টি সমাধানের জন্য থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন। এ পর্যন্ত এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।