বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন বাংলাদেশের আম্পায়ার। শুক্রবার এই টুর্নামেন্টের জন্য ২০ জনের আম্পায়ার নির্বাচিত করেছে আইসিসি, তাদের মধ্যে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
গত ২৮ মার্চ প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ারের তালিকায় অন্তর্ভুক্ত হন সৈকত। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। আরও একাধিক আইসিসি ইভেন্টে আম্পায়ারিং করেছিলেন সৈকত। ২০১৭ ও ২০২১ সালের মেয়েদের বিশ্বকাপ, ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দায়িত্বে ছিলেন। ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার ছিলেন সৈকত।
গত বছরের বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জয়ী রিচার্ড ইলিংওর্থও আছেন আসন্ন বিশ্বকাপের আম্পায়ার তালিকায়। ২০২২ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করা কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি ও পল রেইফেল এবারও থাকছেন।
আম্পায়ার: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, আলাহুডিয়েন পালেকার, রিচার্ড কেটেলবোরো, জয়ারমন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাসকি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রেইফেল, ল্যাংটন রুজেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব। ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগল শ্রীনাথ।