সর্বশেষ সংবাদ :

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি রাজশাহীর তিন ব্যবসা প্রতিষ্ঠানের ৮২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও নানা কারণে রাজশাহীতে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর রেলগেট বিন্দুর মোড়, বড়বনগ্রাম ও বর্ণালী মোড়ে পৃথক অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
নগরীর রেলেগেট এলাকায় এলপি গ্যাসের ডিলার আনন্দ কুমার সাহা ট্রেডার্স ক্রেতাদের কাছে গ্যাস সিলিন্ডার ১২৩২ টাকার পরিবর্তে ১৫৬০ টাকায় বিক্রি ও ক্রয় মূল্য না দেখাতে পারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও নগরীর ছোটবনগ্রাম এলাকার মেসার্স আতাউর রহমান খান ট্রেডার্সে বাইরে একরকম ও ভেতরে আরেক রকম মূল্য তালিকা প্রদর্শণ করায় তাকে ৫০ হাজার এবং নগরীর বর্ণালী মোড়ে বিসমিল্লাহ ট্রেডার্স গ্যাস ক্রয়ের তালিকা দেখাতে না পারায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আনন্দ কুমার সাহা ট্রেডার্স ও আতাউর রহমান খান ট্রেডার্সকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম। অপরদিকে বিসমিল্লাহ ট্রেডার্সকে জরিমানা করেন একই দফতরের সহকারি পরিচালক ফজলে এলাহি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, বাজার তদারকির অংশ হিসেবে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেআইনিভাবে যারা ভোক্তাদেরকে হয়রানি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


প্রকাশিত: February 3, 2023 | সময়: 7:14 am | সুমন শেখ