, , ।
মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ২টি ওয়ান শুটারগানসহ ডাকাতি, হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ মোট ১৬ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চেরাগপুর গ্রামের আঃ মজিদের ছেলে মোঃ আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লব (৩৫) কে ২টি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে। র্যাব-৫ সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব আরও জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী আতাউর রহমান শান্ত অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করত বলে স্বীকার করে। সে এলাকায় অপরাধ সংঘঠনের পর ঢাকাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যেত। পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার এলাকায় ফিরে এসে একই ধরনের অপরাধ সংঘটিত করত।
তার বিরুদ্ধে মহাদেবপুর থানাসহ, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ৫টি ডাকাতি, ১টি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ মোট ১৬ টি মামলা রয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, গ্রেফতারকৃত আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লবের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে রোববার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সানশাইন / শাহজাদা মিলন