সর্বশেষ সংবাদ :

সালাহউদ্দিন ছাড়া সকল উপদেষ্টা অপদার্থ —মিনু

নওগাঁ প্রতিনিধি ও লিয়াকত আলী বাবলু:

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আজ কৃষক সার কিনতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সবকিছু সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। অথচ আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে পারছেন না। কাজেই উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন ছাড়া আপনার সব উপদেষ্টারা অপদার্থ।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ জেলা শহরের নওযোয়ান মাঠে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন মিজানুর রহমান মিনু।

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে নওগাঁ জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।

 

এর আগে জেলার ১৪টি ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে উপস্থিত হন। জানান দেন তাদের নেতাকর্মীর সংখ্যা।

 

নওগাঁ জেলাবাসীর উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, নওগাঁ হলো সেই মাটি যেখানে গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। নওগাঁর মাটি বিএনপির ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। এই নওগাঁর মাটিতে ম্যাডাম খালেদা জিয়া ৫ দিন থেকে রাজনীতির খোঁজ নিয়েছেন। সেই জন্য আমি গর্ববোধ করি আমার মা এখানে এসেছিলেন। তাই নওগাঁর এ সমাবেশ বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে, তারেক রহমানের দলকে এগিয়ে নিতে সাহায্য করবে।

 

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কোনোদিন স্থান হবে না জানিয়ে মিনু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছিলাম। কিন্তু আপনারা জনগণের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ৩৩ জনকে ওএসডি করেছেন। আপনারা তিন হাজার ৩শ জনকে ওএসডি করুন।

 

অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশে মিনু আরও বলেন,

প্রফেসর ইউনুস, আপনি যখন নোবেল বিজয়ী হয়ে এদেশে এসেছিলেন, তখন আপনার কী হয়েছিল নিশ্চয়ই মনে আছে? কিন্তু ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আপনাকে পুষ্পস্তবক দিয়েছিলাম।

 

তিনি বলেন, ছয় মাস আগেও আপনার দেশ-বিদেশে সুনাম ছিল। কিন্তু এখন আপনার এই সুনাম আছে কিনা যাচাই করে দেখবেন। আপনি ছয় মাস আগে যে জায়গায় ছিলেন এখন আর সে জায়গায় নেই আপনি।

 

এদেশের মানুষ শুধু খালেদা জিয়াকে চেনে, তারেক রহমানকে চেনে এবং ধানের শীষকে চেনে। তাই দ্রুত সংস্কার করে ছয় মাসের মধ্যে নির্বাচন দিন। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করব।

 

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সমবায় সম্পাদক নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, এসএম রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা প্রমুখ।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আগুনঝরা বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল চৌধুরী, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীসহ অন্যান্য উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতা।

 

এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও ওলামা দলের জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সানশাইন/রাজ


প্রকাশিত: February 20, 2025 | সময়: 10:31 pm | Daily Sunshine