সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে যাত্রীকে পেটানো সেই টিসি বরখাস্ত

সানশাইন ডেস্ক;

রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীকে মারপিটের ঘটনায় অভিযুক্ত মেহেদি হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করেছে । তিনি রাজশাহী স্টেশনের টিকিট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন । ঘটনাটি ভাইরাল হওয়ার পর আজ বৃহস্পতিবার ৬ জানুয়ারী সকালে তাকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে ।

বরখাস্ত টিসি রাসেলের স্ত্রীর নাম রেহেনাজ পারভীন তুতুল। তিনিও পশ্চিমাঞ্চল রেলওয়ের একজন টিকিট কালেক্টর। রাসেল ও তুতুল রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলো । ঘটনার সময় তুতুলও ছিলেন। তবে তিনি সরাসরি জড়িত না থাকায় তার বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করে গনমাধ্যম কর্মীদের বলেন, স্টেশনের ভেতরে একজন যাত্রীর সঙ্গে খারাপ আচরণের একটি ভিডিও ক্লিপ রেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা দেখেছে । এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন । সকাল ১০টার দিকে পশ্চিম রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন সাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরই মধ্যে অভিযুক্ত মেহেদি হাসান রাসেলকে এই আদেশ সম্পর্কে জানানো হয়েছে । তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন রেলওয়ে স্টেশন ম্যানেজার ।

পশ্চিম রেলেওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গনমাধ্যম কর্মীদের বলেছেন, রেলওয়ের কেউ কোনো যাত্রীকে মারতে পারে না। এটার সুযোগ নেই। আমি এটি শোনার পর এবং ভিডিওটি দেখার পর একটি তদন্ত কমিটি করেছি। পশ্চিম রেলওয়ের ডেপুটি সিসিএম গৌতম কুমার কুন্ডুকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভিডিওতে বোঝা যাচ্ছে সেখানে ধস্তাধস্তির একটা ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য কমিটি করা হয়েছে । রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।


প্রকাশিত: January 6, 2022 | সময়: 6:43 pm | সুমন শেখ