সর্বশেষ সংবাদ :

এইচএসসির ফলাফল বিপর্যয় : সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরা ও আড্ডায় নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা এবং মোবাইলফোনে অতিরিক্ত আসক্তিকে এর অন্যতম কারণ হিসেবে দেখছে উপজেলা প্রশাসন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারিতে বলা হয় গোদাগাড়ী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পাঠদান চলাকালীর সময়ে অর্থাৎ সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ও রাত্রিকালীন বিনা প্রয়োজনে অবস্থান করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান। নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না।
একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালে শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে দোকান বা জনসমাগমস্থলে অবস্থান কিংবা আড্ডা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং পরীক্ষার ফলাফলের মানোন্নয়নে এ ধরনের সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এসব নির্দেশনাগুলো বাস্তবায়নে এবং নির্দেশনা মেনে চলতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। সে সঙ্গে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।


প্রকাশিত: November 7, 2026 | সময়: 1:47 am | সুমন শেখ

আরও খবর