সর্বশেষ সংবাদ :

মোটরসাইকেল ছিনতাই করে ২ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ২

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রির পথ আটকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার মিঠনের ছেলে সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে রহিত (১৮)। ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ন কবির ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে কৌশলে তাঁকে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। পরে তাঁরা তাঁদের আরও কয়েকজন সহযোগীকে ডেকে নেন।
একপর্যায়ে হুমায়ন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করে তাঁর মোটরসাইকেল ও সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার কথা বলে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে বাজারে গিয়ে চিৎকার করেন তিনি। পরে গ্রামবাসী তাঁকে থানায় নিয়ে যান।
ভুক্তভোগী হুমায়ন কবির বলেন, ‘পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত আমার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে মারধর করে আমার মোটরসাইকেল কেড়ে নেন। আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন তাঁরা। আমাকে হাত-পায়ে অনেক মারধর করা হয়েছে। কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসি। তাঁরা সংখ্যায় প্রায় ছয়-সাতজন ছিলেন।’
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।


প্রকাশিত: October 28, 2026 | সময়: 7:25 am | সুমন শেখ