, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে রঞ্জু ওরফে কালু পাগলা (৪৩) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের রক্তাক্ত ও দাহ্য পদার্থে ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার দিয়াড়গাড়ফা গ্রাম সংলগ্ন বিলে ন্যাপিয়ার ঘাসের জমি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জু দিয়াড়গাড়ফা গ্রামের সরুপ প্রামাণিকের ছেলে।
নিহতের ভাই শুকুর আলী জানান, রোববার সকালে রঞ্জু একটি সিলভারের কলসি নিয়ে বৃদ্ধা মায়ের রান্নার জন্য পানি আনতে বের হয়ে আর বাড়ি ফিরেননি। সোমবার ভোরে প্রতিবেশী কৃষক শরীফুল ইসলাম সব্জি সংগ্রহ করতে গিয়ে বিলের ভেতর ঘাসের জমিতে রঞ্জুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তার নাক ও মুখে গুরুতর আঘাতের চিহ্নসহ মাথায় এবং পায়ের গোড়ালীতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মুখমন্ডল রক্তাক্ত ও শরীরের সামনের অংশের একাধিক স্থান ঝলসানো ছিল। দাঁড়ি ও বুকের লোম পুড়ে গেছে, শরীরের বিভিন্ন স্থানে কালি লেগে আছে। মরদেহের পাশে একটি খালি বস্তা ও তার কলসিটি পড়েছিল। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও নির্মমভাবে হত্যা করে লাশটি বিলে ফেলে রেখে গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই মনে হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিসহ কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা সনাক্ত ও তাদের আটকের চেষ্টা চলছে।