, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ কে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিনিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও দেশে বেকারত্ব দূরীকররেণ অধিকতর গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন-ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফরিকর মাহবুব আনাম স্বপন।
তিনি শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাতৃদুগ্ধ কর্ণার সহ নামাযের ঘর উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন দেশে বেকার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানে সরকার কাজ করে যাচ্ছে।
২০০৬ সালের ৪ঠা সেপ্টেম্বর ধনবাড়ী উপজেলা পরিষদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার প্রতিষ্ঠিত এই উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাত কে উন্নত করতে ইতিমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মধুপুর-ধনবাড়ী হয়ে জামালপুর পর্যন্ত চার লেনে ও ঢাকার জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ধনবাড়ীতে রেল যোগাযোগ করতে কাজ করা হচ্ছে বলেও মন্ত্রী জানান।
বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং ও আধুনিক তথ্যপ্রযুক্তির গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই দেশের তরুণদের এসব প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকার উপজেলা পর্যায়ে আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায় থেকেই তরুণ-তরুণীরা প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ গ্রহণ করে দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। সেই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করা হচ্ছে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
অনুষ্ঠানের শুরুতে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উপজেলা পরিষদের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফরিকর মাহবুব আনাম স্বপন।
পরে উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল, মহিলা দল, জাসাস সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি স্ব স্ব ব্যানারে ঢাকা-টাঙ্গাইল জয়দেবপুর-জামালপুর মহাসড়কে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে ধনবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে কেক কাটেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফরিকর মাহবুব আনাম স্বপন।
এসময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সন্ধ্যায় উপজেলা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ তম বর্ষ পূর্তি উপলক্ষে ধনবাড়ী বাজারে অনুষ্ঠিত আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক বাউল গানের অনুষ্ঠানে যোগ দেন।