, , ।
স্টাফ রিপোর্টার: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সব শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর শিশু একাডেমি উন্মুক্ত মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, ‘সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার সঙ্গে সমাজের অপরাধপ্রবণতার একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। সমাজে যদি সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চা বৃদ্ধি পায়, তবে কিশোর অপরাধ, মাদকাসক্তি, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো পর্যায়ক্রমে দূর হবে।’ নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে নজরুলের আদর্শ ধারণ করে বেশি বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যিক দর্শনের ওপর আলোকপাত করে তিনি আরও বলেন, ‘কবি নজরুলের কবিতা ও গান কেবল বিনোদন নয়, বরং তা মানুষের অধিকার আদায় ও পুনর্জাগরণের দীক্ষা দেয়। শৈশবে রুটির দোকানে কাজ করার কঠিন বাস্তবতাই তাঁর মনে বিদ্রোহী মনোভাবের জন্ম দিয়েছিল।’
ময়মনসিংহের ত্রিশালে কবির স্মৃতিবিজড়িত স্থান এবং দরিরামপুর হাইস্কুলের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বিভাগীয় কমিশনার বলেন, ‘নজরুল সর্বদা সমাজের বৈষম্য, ধর্মীয় অসংগতি ও শোষণের বিরুদ্ধে তাঁর লেখনী চালিয়ে গেছেন। সাধারণ মানুষ যে কথা বলতে পারেনি, নজরুল তা অত্যন্ত সাহসের সঙ্গে উচ্চারণ করেছেন এবং এ কারণে তাঁকে কারাবরণও করতে হয়েছিল।’ এ সময় তিনি বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতালসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নজরুল চর্চার মাধ্যমে একটি শিক্ষিত, অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
পবা: শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে নজরুল বর্ষের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীন। এরপর উপজেলা হলরুমে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মান্দা: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও আদর্শকে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে,বাশিস মান্দা উপজেলা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া ও ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা।
জয়পুরহাট: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে রং বেরঙের বেলুন ও বর্ণিল ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। এ সময় অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহাইমেনা শারমিন,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জয়পুরহাট জেলার কালচারাল অফিসার মীন আরা পারভীন ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার এ উদ্বোধনী অনুষ্ঠানে- জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি সহ একক ও সমবেত কন্ঠে নজরুল সংগীত এবং নৃত্য পরিবেশিত হয়।
নিয়ামতপুর: উপজেলা মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিস তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
কালাই: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন-উর-রশিদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধানগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নজরুল বর্ষের উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, আমরা অতীতে দেখেছি তরুণ প্রজন্মের মাঝে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনার প্রতি আজও আগ্রহ রয়েছে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।
পাঁচবিবি: উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কনে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি তামবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আঃ হান্নান চৌধুরী পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগীতশিল্পী এম আই মিঠু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
আত্রাই: কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর চরণ বল বীর-বল উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার চেতনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাম্য, মানবতা ও প্রগতির প্রতীক। তরুণ ও শিক্ষার্থীদের মাঝে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। নজরুলের কবিতা ও সাহিত্য শিক্ষার্থীদের সৎ, সাহসী এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।