সর্বশেষ সংবাদ :

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের জানাজা আজ মোল্লা আজাদ কলেজ মাঠে

আত্রাই প্রতিনিধি: সম্প্রতি সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যে ১৬ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছিল, তাদের মধ্য থেকে ৯ জনের মরদেহ বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে। ওই ৯ জনের মধ্যে ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ৯ আগস্ট ২০২৬ রোববার বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৩ টায় সৌদি আরবের রিয়াদ মহানগরীর শিফা থানাধীন মুসামানাইয়া শিল্প এলাকায় বাংলাদেশি কর্মীদের পরিচালনাধীন একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে ১১ জনই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ঘটনার পর থেকে তাদের মরদেহগুলো দেশে নিয়ে আসতে সরকার তৎপর হয়ে ওঠেন। সৌদি সরকারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বিকেলে একটি বিমানযোগে এ মরদেহগুলো বাংলাদেশে পৌঁছে। অন্যদিকে আত্রাইয়ের যে ৭ জনের মরদেহ এসেছে তারা হলেন উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আবদুল জলিল সরদার (৪৫), বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সোহেল রানা সুমন (২৫), কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের গফফার রহমানের ২ ছেলে মোহন আলী (৩০) ও সুমন (২৭), একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩১), বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন (২৮) ও শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েণ শেখের ছেলে ফরিদ শেখ (৩৫)। সন্ধ্যায় তাদের স্বজনদের নিকট লাশগুলো হস্তান্তর করা হয়েছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, নিহত আত্রাইয়ের ১১ জনের মধ্যে ৭ জনের লাশ পৌঁছেছে।
অন্যদের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় লাশগুলো আসতে বিলম্ব হচ্ছে। যে ৭ জনের লাশ পৌঁছেছে তাদের জানাজার নামাজ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ জানাজায় ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে ইউএনও জানিয়েছেন।


প্রকাশিত: August 28, 2026 | সময়: 4:06 am | সুমন শেখ