সর্বশেষ সংবাদ :

সিলেটে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো’ নারী হকি প্রশিক্ষণ ক্যাম্প

স্পোর্টস ডেস্ক: সিলেটে উদীয়মান নারী হকি খেলোয়াড়দের দক্ষ করে তোলার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ২০২৬’। সোমবার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের সিলেট জেলা পর্যায়ের প্রথম ধাপের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের মূল পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী নারী হকিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের এ বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে শহরের চারটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে ২৫ জন প্রতিভাবান খুদে নারী হকি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় (লাক্কাতুরা), সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, ব্র্যাক ব্যাংকের সিলেট এসভিপি রিজিওনাল হেড জনাব রেজাউর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশন ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য আশরাফুল আলম বাবলু এবং ফেডারেশনের নারী উইং-এর সম্পাদক জনাব তারিকুজ্জামান নান্নুসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড় তুলে আনা এবং তাদের আন্তর্জাতিক মানে রূপ দেওয়ার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। দেশের ৭টি জেলায় একযোগে পরিচালিত এই কার্যক্রম দেশের সমগ্র নারী ক্রীড়াক্ষেত্রে এক নতুন যুগান্তকারী জাগরণ সৃষ্টি করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


প্রকাশিত: August 25, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ