জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ, ৩ ঘণ্টা পর চালু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধের পর মেরামত শেষে ৩ ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে। জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান ট্রেনের কয়েকশ’ যাত্রী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
সহকারী ট্রেন চালক রবিন হোসেন জানান, যাত্রীবাহী একটি ট্রেনের কোচের স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
এ দিকে আকস্মিক এই বিকলের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সাময়িক এই স্থবিরতায় আশেপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেনের (উদ্ধারকারী ট্রেন) জন্য খবর দেওয়া হয়। এর মধ্যে সান্তাহার রেলওয়ে ক্যারেজ মিস্ত্রীরা ট্রেনের ওই বগির কয়েল স্প্রিং ও বডি মেরামত করেন।
এ ট্রেনটির সহকারি চালক রবিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহার রেলওয়ের ক্যারেজ মিস্ত্রী ট্রেনের ওই বগির ক্ষতিগ্রস্ত কয়েল স্প্রিং ও বডি মেরামত করার পর সকাল ১১টা ২০মিনিটে চালু হয়ে ট্রেনটি ঘটনাস্থল থেকে জয়পুরহাট রেলস্টেশনের দিকে রওনা হয়।’ এর ফলে প্রায় ৩ঘণ্টা বন্ধ থাকার পর এ লাইনে উত্তরাঞ্চলের সঙ্গে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক ভাবে চলাচল শুরু হয়েছে।


প্রকাশিত: August 23, 2026 | সময়: 5:32 am | সুমন শেখ