সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপে চোখ রেখে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাইফ উদ্দিন

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের বাইরে থাকলেও ব্যস্ত সময় কাটছে মোহাম্মদ সাইফ উদ্দিনের। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার। তবে আসন্ন সফরকে শুধু প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন না তিনি। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও মাথায় রাখছেন সাইফ।
মিরপুর একাডেমি মাঠে বুধবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ খেলা সাইফ এবার ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান।
বিশ্বকাপের ভেন্যু ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে তার পরিকল্পনায়। সাইফ বলেন, ‘আমরা যারা সাদা বলের খেলোয়াড় আছি, নাজমুল ভাই (কোচ ও সাবেক পেসার) ভাই আছেন আমাদের সঙ্গে। উনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করছি এবং কাজ করছি, ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়। যেহেতু, ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হবে, সব মিলিয়ে আলোচনা করছি নিজের সেরাটা দেওয়ার এবং ফিট থাকার।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলা উপমহাদেশের ক্রিকেটারদের জন্য বরাবরই কঠিন। তবে আগেভাগে সেখানে যাওয়ার কারণে সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার সুযোগ দেখছেন সাইফ। তার ভাষায়, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সহজ হবে না। যেহেতু, আমাদের ইমার্জিং দল সেখানে খেলছে এবং চারদিনের ম্যাচের দল আগে যাবে, কন্ডিশন দেখে নিজেকে প্রস্তুত করার আরও সময় পাবো।’
পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানে এক উইকেট নিয়েছিলেন সাইফ। টি-টোয়েন্টিতেও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খেলতে দেখা গেছে তাকে। জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচে পাঁচ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে এক ম্যাচে ১০ বলে ৩১ রান করেছিলেন।
নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকলেও উন্নতির জায়গা রয়েছে বলেই মনে করেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘ভালো খেলার তো বিকল্প নেই। যদি আমার সাম্প্রতিক ম্যাচগুলো দেখেন, আমি খুব একটা খারাপ করিনি। তবে ভালোর তো শেষ নেই, আরও ভালো করা যায়। সেই লক্ষ্যে কাজ করছি।’
ছুটি থাকলেও ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাইফ। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে ব্যাটিং-বোলিংয়ে উন্নতির কাজ করছেন জানিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের ছুটি, তারপরও আমি ব্যক্তিগতভাবে এসে কাজ করছি। যতটুকু উন্নতি করা যায়। আমি জানি, আন্তর্জাতিক ক্রিকেটে আমার ঘাটতিগুলো কোথায়, সেগুলো নিয়ে বোলিং এবং ব্যাটিংয়ে কাজ করছি।’


প্রকাশিত: August 20, 2026 | সময়: 4:01 am | সুমন শেখ